আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের বিশেষ প্রস্তুতিমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকালে রাঙ্গামাটি পুলিশ লাইন্সে চতুর্থ পর্যায়ের ২৪-২৫তম ব্যাচের তিন দিনব্যাপী এই নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বকালে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটকেন্দ্রের পরিবেশ স্থিতিশীল রাখতে আমাদের সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে।অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম-এর সঞ্চালনায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত মোট ১০৫ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন। তিন দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে নির্বাচনী আইন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশলসমূহ শেখানো হবে।পুলিশ সুপার মহোদয় আশা প্রকাশ করেন যে, রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতিটি সদস্য সুশৃঙ্খলভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে অগ্রণী ভূমিকা পালন করবেন।অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের মধ্যে এই প্রশিক্ষণ নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

