ঢাকাSunday , 1 March 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়ায় দুই সাংবাদিকের ওপর হামলা

Kobita afroz
March 1, 2026 8:58 pm
Link Copied!

কেন্দুয়ায় দুই সাংবাদিকের ওপর হামলা! নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো ছিনতাইকৃত মোবাইল ফোন, প্রেস আইডি কার্ড ও নগদ অর্থ উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনাটির তদন্ত অগ্রগতি দৃশ্যমান না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলে প্রশ্ন উঠেছে।
জানা যায়, জাতীয় দৈনিক “আমার প্রাণের বাংলাদেশ” পত্রিকার দুই সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে সংঘবদ্ধ দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় হামলাকারীরা তাদের মারধর করে ব্যবহৃত মোবাইল ফোন, সাংবাদিক পরিচয়পত্র (প্রেস আইডি কার্ড) ও নগদ অর্থ ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর বিষয়টি কেন্দুয়া থানাকে অবহিত করা হলেও ১২০ ঘণ্টার বেশি সময় পার হলেও ছিনতাইকৃত মালামাল উদ্ধার কিংবা জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি পাওয়া যায়নি।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, নেত্রকোনা জেলার পুলিশ সুপার ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্যের সঙ্গে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনাটি গুরুত্বসহকারে দেখবেন বলে আশ্বাস দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, অভিযুক্তরা প্রকাশ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে অবজ্ঞা করে বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ রয়েছে, যা এলাকায় ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় সরকারি খাস জমি দখল ও নদী থেকে অবৈধভাবে মাছ আহরণের মতো কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান চলাকালেই সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সাংবাদিকদের ওপর হামলা ও প্রেস পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে তথ্য প্রকাশ ও অনিয়ম উদ্ঘাটন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
মানবাধিকার সংশ্লিষ্ট মহল দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
সাংবাদিক ও এলাকাবাসীর দাবি—
ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত,
জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার,
ছিনতাইকৃত মোবাইল, প্রেস আইডি কার্ড ও অর্থ উদ্ধার,
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
এ ঘটনায় প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা হবে বলে মনে করছেন সচেতন মহল।