দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক বিধবা নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার ছেলের বিরুদ্ধে।
ভুক্তভোগী নারী মোছাঃ সেলিনা বেগম (৩৬), স্বামী মৃত আতিয়ার রহমান, ধনসা গ্রামের বাসিন্দা। তিনি বিরামপুর থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, গত ২৬ জানুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্ত মোঃ আলামিন (পিতা: মোঃ মোখলেসুর রহমান, স্থানীয় জামায়াত নেতা) তার বাড়ির সামনে এসে পূর্ববিরোধের জের ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
অভিযোগে বলা হয়, একপর্যায়ে অভিযুক্ত তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং ধাক্কা দিলে তিনি পুকুরে পড়ে যান। এ সময় তার গলার আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিঁড়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এতে তিনি শারীরিক ও মানসিকভাবে গুরুতরভাবে আহত হন।
ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও ভুক্তভোগী নারী ন্যায়বিচারের দাবিতে থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যোগাযোগ
01767478968
All rights reserved © 2025