স্টাফ রিপোর্টার | ঢাকা বিভাগীয় প্রধান ও কূটনৈতিক সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্বাধীন নতুন সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শ্যামা ওবায়েদ ইসলাম রিংকু এমপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এ নিয়োগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট আসনের নেতাকর্মী ও সাধারণ জনগণ আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় তারা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
রাজনৈতিক অঙ্গনে সক্রিয়, দক্ষ ও অভিজ্ঞ সংগঠক হিসেবে পরিচিত শ্যামা ওবায়েদ ইসলাম রিংকু বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দলীয় সাংগঠনিক কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা ও নেতৃত্বগুণ তাকে জাতীয় পর্যায়ে পরিচিতি এনে দিয়েছে বলে নেতাকর্মীরা মনে করেন।
তিনি বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী কে.এম. ওবায়দুর রহমানের কন্যা। রাজনৈতিক ঐতিহ্যবাহী পরিবারে বেড়ে ওঠা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তাকে কূটনৈতিক দায়িত্ব পালনে সক্ষম করে তুলবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
স্থানীয় জনগণ ও নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক মহলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং কূটনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার হবে। তারা মনে করেন, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের বৈদেশিক নীতি আরও কার্যকর ও শক্তিশালী হবে।

