সমাজের অসহায় ও নিম্নবিত্ত মানুষের মুখে হাসি ফুটাতে রাজধানীর দক্ষিণখান এলাকায় ৩ হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হ্যাপিনেস ফর অল’।
বুধবার (২৮ রমজান) ঈদুল ফিতরকে সামনে রেখে দক্ষিণখান থানাধীন গাওয়াইর এলাকায় এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে নিম্নবিত্ত ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় উপহার তুলে দেওয়া হয়, যা তাদের ঈদের আনন্দকে আরও আনন্দময় করে তোলে।
জানা যায়, একঝাঁক তরুণ বন্ধুর উদ্যোগে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় ‘হ্যাপিনেস ফর অল’। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে ধর্মীয় উৎসবগুলোতে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ তাদের অন্যতম নিয়মিত কার্যক্রম।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সদস্য, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার শুভানুধ্যায়ী ও বন্ধুদের সহযোগিতায় এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
আয়োজকরা বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ঈদের প্রকৃত আনন্দ তখনই অনুভব করা যায়, যখন আমরা সেই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে পারি।”
তারা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজ নিজ অবস্থান থেকে দরিদ্র মানুষের পাশে দাঁড়ালে সমাজে বৈষম্য কমবে এবং উৎসবের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে।
সংগঠনটির সদস্যরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার দোয়া কামনা করেন।
যোগাযোগ
01767478968
All rights reserved © 2025