চাঁদপুরের কচুয়া উপজেলার নিন্দপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ইতালি প্রবাসী পরিবারের দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, দুর্বৃত্তরা ঘরের চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতঘরে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগী নুরজাহান বেগম জানান, প্রায় এক বছর ধরে তারা চট্টগ্রামে অবস্থান করছিলেন। বসতঘরটি ফাঁকা থাকার সুযোগ নিয়েই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে তার দাবি।
তিনি বলেন, “আমাদের সব শেষ হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে। কে বা কারা এই সর্বনাশ করলো, আমরা বিচার চাই।”
নুরজাহান বেগমের ছেলে মেজবাহ উদ্দিন ও জামাতা আল-আমিন জানান, পরিবারের দুই সদস্য সাইফুল ইসলাম ও হযরত আলী ইতালি প্রবাসে থাকেন। তাদের কষ্টার্জিত অর্থে নির্মিত ঘর ও সঞ্চিত সম্পদ এই আগুনে মুহূর্তেই শেষ হয়ে গেছে। তাদের ভাষায়, শত্রুতার জেরেই এই আগুন দেওয়া হয়েছে। আমরা এখন সম্পূর্ণ নিঃস্ব ও অসহায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে যায়। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বর্তমানে অসহায় পরিবারটি মানবিক সহায়তার জন্য সমাজের বিত্তবান ও প্রশাসনের সহযোগিতা কামনা করছে।
কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসের টিম লিডার মো. এনামুলহ হক বলেন, নিন্দপুর গ্রামে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে যান, পওে এলাকাবাসী ও স্থানীয়দেও সহায়তা আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
যোগাযোগ
01767478968
All rights reserved © 2025