যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা উড়িয়ে দেননি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি।খবর আইবিএননিউজ ।
গত রোববার (৬ সেপ্টেম্বর) রেডিও উপস্থাপক জন ক্যাটসিমাটিডিসের অনুষ্ঠান ‘দ্য ক্যাটস রাউন্ডটেবল’-এ দেওয়া সাক্ষাৎকারে হান্টার বাইডেনকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার পরিকল্পনা রয়েছে কি না জানতে চাওয়া হয়। প্রথমে তিনি বলেন, ‘আমি এখনো সিদ্ধান্ত নিইনি।’ পরে একই প্রসঙ্গে ক্যাটসিমাটিডিসের সমর্থনের কথা উল্লেখ করে হান্টার বলেন, ‘আপনার সমর্থন পেলে আমাকে হয়তো লড়তেই হতে পারে।’
তবে হান্টারের মন্তব্যকে আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা হিসেবে দেখা হচ্ছে না। তিনি এখনো কোনো নির্বাচনী প্রচারণা শুরু বা প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পাওয়ার জন্য আনুষ্ঠানিক কোনো পদক্ষেপের ঘোষণা দেননি। সাক্ষাৎকারে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য ২০২৮ সালের প্রার্থীদের নিয়েও কথা বলেন হান্টার। তিনি দলটির সম্ভাব্য নেতাদের নিয়ে ‘অসাধারণ একটি তালিকা’ রয়েছে বলে মন্তব্য করেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার এবং ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকারের নাম উল্লেখ করেন তিনি। পাশাপাশি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন বলেও জানান।
গ্যাভিন নিউজম ইতোমধ্যেই ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা নিয়ে ইঙ্গিত দিয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে তিনি বলেছিলেন, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের পর হোয়াইট হাউজের দৌড়ে নামার বিষয়টি বিবেচনা করছেন না বললে তিনি মিথ্যা বলবেন। এদিকে, ডেমোক্র্যাটদের সম্ভাব্য অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জর্জিয়ার সিনেটর জন অসফ, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস, নিউইয়র্কের প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিগিগ।
হান্টার বাইডেন বলেন, ভবিষ্যতের প্রেসিডেন্ট যেই হোন না কেন, তাকে অবশ্যই আইনের শাসন ও যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। দেশের নিরাপত্তাকে প্রেসিডেন্টের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবেও উল্লেখ করেন তিনি। সাক্ষাৎকারে নিজের অতীত মাদকাসক্তির সমস্যার কথাও তুলে ধরেন হান্টার। তিনি বলেন, বর্তমানে তার অন্যতম প্রধান উদ্বেগ আসক্তির সমস্যায় ভুগতে থাকা প্রায় ৫ কোটি আমেরিকানকে নিয়ে। সম্প্রতি তিনি মাদকমুক্ত থাকার সাড়ে সাত বছর পূর্ণ করেছেন বলেও জানান।
আগস্টে এমারসন কলেজ ও দ্য হিল-এর এক জরিপেও ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের নিয়ে জনমতের চিত্র উঠে আসে। ওই জরিপে ডেমোক্র্যাট সম্ভাব্য প্রার্থী গ্যাভিন নিউজম রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর তুলনায় সামান্য এগিয়ে ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: দ্য হিল, ক্যাটস রাউন্ডটেবল, জাগোনিউজ ।
যোগাযোগ
01767478968
All rights reserved © 2025