ঢাকাবৃহস্পতিবার , 19 ফেব্রুয়ারি 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণার মদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড: দুই পরিবার নিঃস্ব, ক্ষতি প্রায় ৩৫ লাখ টাকা

Kobita afroz
ফেব্রুয়ারি 19, 2026 10:09 পূর্বাহ্ন
Link Copied!

মোঃ রাসেল আহমেদ, মদন (নেত্রকোণা) প্রতিনিধি।
নেত্রকোণা জেলার মদন উপজেলার ৮ নং ফতেপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বনতিয়শ্রী গ্রামের বড়বাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে দুটি পরিবারের বসতঘরসহ সবকিছু পুড়ে গিয়ে তারা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত মানিক মিয়া (৪৫), পিতা মৃত হাসিম উদ্দিন জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তার বসতঘরের নগদ প্রায় ৪ লাখ টাকা, প্রায় ২০০ মন ধান, ৩০ মন চাউল,অন্যান্য খাদ্যশস্য, প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, ৭০ বস্তা সিমেন্ট, ফ্রিজ, কাঠের আসবাবপত্র ও কাপড়-চোপড়সহ প্রয়োজনীয় সকল মালামাল আগুনে পুড়ে যায়। সব মিলিয়ে তার প্রায় ২১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
অগ্নিকাণ্ডে পাশের বাসিন্দা লিংকনের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। তার ঘরে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণ, ১০০ মন ধান, ২০ মন চাল এবং বিভিন্ন গৃহস্থালী আসবাবপত্রসহ প্রায় সাড়ে ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আগুন লাগার খবর শুনে হাসনপুর ও দেওসহিলা গ্রামের স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ইউনিয়নের রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। পরে মদন ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর ৮ নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মদন থানার পুলিশ প্রশাসনের এসআই উত্তম কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করেন।
স্থানীয়দের দাবি, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে দুটি পরিবার সম্পূর্ণভাবে সর্বস্বান্ত হয়ে পড়েছে। দ্রুত সরকারি সহায়তা, পুনর্বাসন এবং আর্থিক সহযোগিতা প্রদানের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।