ঢাকাশুক্রবার , 24 এপ্রিল 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে ভুয়া ইলিশ বিক্রির ফাঁদ: নড়াইলে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

Kobita afroz
এপ্রিল 24, 2026 2:52 অপরাহ্ন
Link Copied!

ফেসবুকে ইলিশের বাড়ি চাঁদপুর সহ আকর্ষণীয় বিভিন্ন নামে পেজ খুলে স্বল্প মূল্যে ইলিশ মাছ বিক্রির প্রলোভন দেখিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে নড়াইলে চার যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ আকাশ শেখ (২০), মোঃ ফারুক মোল্যা ওরফে অনিক (২২), লিমন শেখ (২১) এবং মোঃ লিমন মোল্যা (২২)। তারা সকলেই নড়াইল সদর উপজেলার মির্জাপুর ও পাইকড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, “ইলিশের বাড়ি চাঁদপুর”, “ফিশ ভ্যালি”, “ইলিশ ভাইয়া চাঁদপুর” ও “অনলাইন পণ্য বিক্রয়” নামে একাধিক ফেসবুক পেজ খুলে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে কম দামে চাঁদপুরের ইলিশ সরবরাহের আশ্বাস দিত চক্রটি। এরপর ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ার পর তারা আর পণ্য সরবরাহ করত না।
একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের নির্দেশনায় জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে তথ্যপ্রযুক্তির সহায়তায় একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ মোঃ আব্দুল খালেক। এ সময় এসআই জয়নুল আবেদীন, এসআই রাজেশ কুমার দাস ও ডিবির এসআই সাব্বির শেখসহ একটি দল অংশ নেয়।

গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, ১৩টি ভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত সিম কার্ড এবং ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা বিভিন্ন নামে ফেসবুক পেজ খুলে ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে আসছিল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অনলাইন প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।