
ভিক্টোরিয়া বিএনপির উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মেলবোর্ন প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভিক্টোরিয়া স্টেট শাখার উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) মেলবোর্ন সিটির মধুমিতা রেস্টুরেন্টের হলরুমে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন কুমুর এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. তৌহিদ পাটওয়ারি।
সভায় বক্তব্য রাখেন—সিনিয়র সহসভাপতি এটম রহমান, সহসভাপতি ডা. শাহরিয়ার ফেরদৌস, জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কায়েস মোহাম্মদ জনি, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মোহাম্মদ, কোষাধ্যক্ষ সালাউদ্দিন লিমন, দপ্তর সম্পাদক আলমগীর কবির চৌধুরী, নাজিম বাবু, মোহাম্মদ আমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ প্রয়াত সকল জাতীয়তাবাদী নেতাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠন করেন। তারা উল্লেখ করেন—জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে; বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯০ সালে স্বৈরাচার থেকে গণতন্ত্র রক্ষা পেয়েছিল; আর বর্তমান সময়ের তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা শাসন থেকে মুক্ত নতুন বাংলাদেশ গড়ে উঠবে।
বক্তারা আরো বলেন, বিএনপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়; এটি বাংলাদেশের মানুষের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। প্রবাস থেকেও নেতাকর্মীরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

