পার্বত্য চট্টগ্রামের উচ্চশিক্ষার প্রধান বিদ্যাপীঠ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রথমবারের মতো অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সংগীতের সূর ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের শুভ সূচনা হয়।
সকাল ৯:০০ ঘটিকায় রাবিপ্রবি ক্যাম্পাসে রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত কয়েকশ শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জাতীয় পতাকা এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।বাংলাদেশ বিজ্ঞান একাডেমী কর্তৃক দেশব্যাপী আয়োজিত এই অলিম্পিয়াডে রাঙ্গামাটি কেন্দ্র হিসেবে রাবিপ্রবিতে জেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে মোট ২১৯ জন শিক্ষার্থী নিবন্ধিত হয়। এর মধ্যে স্কুল পর্যায়ের ১১৪ জন এবং কলেজ পর্যায়ের ৪৩ জনসহ মোট ১৫৭ জন শিক্ষার্থী সরাসরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
সকাল ১০:০০ টা থেকে দেড় ঘণ্টাব্যাপী এই মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর ফেলো প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন,পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে এই আয়োজন একটি মাইলফলক। আমরা চাই শিক্ষার্থীরা বিজ্ঞান চর্চায় আগ্রহী হয়ে উঠুক। বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর নানা আয়োজনের সাথে আমরা এ অঞ্চলের শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করে দেবো, যাতে তারা ভবিষ্যতে বিজ্ঞানের উৎকর্ষ সাধনের মাধ্যমে এই জনপদের মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখতে পারে।এবারের অলিম্পিয়াড আয়োজনে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী আহবায়ক এবং সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল ইসলাম বিভাগীয় কো-অরডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব সাদ্দাম হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজক পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরপত্র মূল্যায়নের পর আজ বিকেল ৩:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর সম্মেলন কক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হবে।

