রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সরকারি পুকুর ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
সোমবার (২ মার্চ) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আব্দুস সালাম (৫৫), পিতা ময়দান আলী, গোয়ালপাড়া এবং ইসমাইল হোসেন (৮০), পিতা মৃত মনছের আলী, জামতৈল।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া এলাকায় একটি সরকারি পুকুরের ইজারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিক ও অপর পক্ষের আসমত আলী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সকালে পুকুরে জাল টান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৩ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকসহ অন্তত ১০ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আসমত আলী গংদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মাধাইনগর ইউনিয় বিএনপি’র সাবেক সভাপতি মো. রমজান আলী ও সাবেক সাধারণ সম্পাদক নবীর উদ্দিন বলেন, নিহত দুই ব্যক্তি বিএনপি’র সমর্থক ছিলেন। অপর দিকে বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ কাজী মুদ্দীন কাজী বলেন, নিহত দুই ব্যক্তি বিএনপি’র কোন সমর্থক বা কর্মী ছিলেন না।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম কিবরিয়া জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।

