ঢাকাTuesday , 10 March 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফোনে প্রবাসী স্ত্রীর সঙ্গে কথা, নিজের গোপনাঙ্গ কেটে আত্মহত্যার চেষ্টা স্বামীর

Kobita afroz
March 10, 2026 7:55 pm
Link Copied!

জয়পুরহাট সদর উপজেলার বিল্লার দরগা গ্রামে প্রবাসী স্ত্রীর সাথে ফোনে কথোপকথনের পর চরম আবেগী সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সাকিব (২৫) নামে এক যুবক। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে নিজ বাড়ির শয়নকক্ষে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বিল্লার দরগা গ্রামের রংমিস্ত্রি সাকিব আব্দুল ওয়াহাবের ছেলে। প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে পাশের ছোট মাঝিপাড়া গ্রামের সুইটি (২০) নামের এক তরুণীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের এক বছর পর সংসারের স্বচ্ছলতা ফেরাতে স্ত্রীকে জর্ডান পাঠান সাকিব। এরপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব ও মনোমালিন্যের সৃষ্টি হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

স্বজনদের দাবি, ঘটনার দিন দুপুরে সাকিব মোবাইল ফোনে স্ত্রীর সাথে কথা বলছিলেন। সেই কথোপকথনের এক পর্যায়ে তিনি চরম মানসিক অস্থিরতায় আত্মহত্যার চেষ্টা করেন।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় বাড়ি থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাকিবের বড় চাচী নিলুফা বিবি বলেন, দুপুরের দিকে হঠাৎ চিৎকার শুনে আমরা দৌড়ে যাই। গিয়ে দেখি সাকিব গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। পরে জানতে পারি স্ত্রীর সাথে ফোনে কথা বলার পরেই সে এমন কাজ করেছে।”

সাকিবের ফুফু খোতেজা বেগম জানান, সাকিব শান্ত স্বভাবের ছেলে এবং রংমিস্ত্রীর কাজ করে সংসার চালাতেন। সংসারের উন্নতির জন্যই স্ত্রীকে বিদেশে পাঠানো হয়েছিল। কিন্তু বিদেশে যাওয়ার কিছুদিন পর থেকেই তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়।

প্রতিবেশী হাফিজুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। এমন ঘটনা এই এলাকায় আগে কখনো ঘটেনি।

এ বিষয়ে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আলমগীর হোসেন বলেন, রোগীকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।