ঢাকাবৃহস্পতিবার , 24 সেপ্টেম্বর 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দেবীগঞ্জে ২ হাজার ২০০ তালবীজ ও ফুলের চারা উপহার দিলেন ‘তাল বেলাল’

Real Man
সেপ্টেম্বর 24, 2026 5:39 অপরাহ্ন
Link Copied!

বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে আসা নওগাঁর দেশবরেণ্য বৃক্ষপ্রেমী, সমাজসেবক ও সাংবাদিক মাহমুদুন নবী বেলাল (তাল বেলাল) এবার তাঁর পরিবেশবান্ধব কার্যক্রমের পরিধি নওগাঁ থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিস্তৃত করেছেন।

তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার সহায়তায় পঞ্চগড়ের দেবীগঞ্জের তরুণদের সামাজিক সংগঠন ‘হিলফুল ফুজুল যুব সংগঠন’-কে ২ হাজার ২০০টি তালবীজ এবং কয়েক শত শোভাবর্ধনকারী ফুলের চারা উপহার দেওয়া হয়েছে।

সম্প্রতি এসব তালবীজ ও চারা হস্তান্তরের সময় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আজমল হোসেন বাদশা, সমাজসেবক ফিরোজ হোসেন এবং ‘হিলফুল ফুজুল যুব সংগঠন’-এর সদস্য সাজ্জাদ হোসেন, আসাদুজ্জামান নূর, আবু হাসান, মনিরুজ্জামান মানিকসহ অনেকে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, উপহার পাওয়া তালবীজ ও ফুলের চারাগুলো পামুলী সরকারপাড়া থেকে ডাংগীরহাট পর্যন্ত সড়কের দুই পাশে যত্নসহকারে রোপণ করা হবে। আগামী বৃহস্পতিবার থেকে টানা সাত দিন এ রোপণ কর্মসূচি চলবে। স্থানীয় প্রশাসন ও সুধীজনদের উপস্থিতিতে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলেও জানান তারা।

উল্লেখ্য, মাহমুদুন নবী বেলাল নওগাঁ-রাজশাহী মহাসড়কের প্রায় ৭৫ কিলোমিটার সড়কের দুই পাশে তালগাছসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করে পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এছাড়া নওগাঁ শহরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চত্বর ও সড়কের ডিভাইডারে শোভাবর্ধনকারী ‘চার কালার চেরিফুল’ গাছ রোপণেও তিনি ভূমিকা রেখেছেন।

দেবীগঞ্জের তরুণদের এ উদ্যোগের মাধ্যমে তাঁর পরিবেশবান্ধব কার্যক্রমের একটি নতুন অধ্যায় শুরু হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।