ঢাকাSaturday , 31 January 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লাকসামে জামায়াতের জনসভা: ইনসাফ ও পরিবর্তনের পক্ষে সারা দেশে জন সাধারনের স্রোত—শফিকুর রহমান

Kobita afroz
January 31, 2026 11:49 am
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সারা বাংলাদেশে ন্যায় ও ইনসাফের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং বস্তাপচা রাজনীতি, দুর্নীতি ও ফ্যাসিবাদের বিপক্ষে একটি শক্তিশালী স্রোত তৈরি হয়েছে। তিনি বলেন, “কিছু মানুষের আচরণ দেখে মনে হচ্ছে তাদের মাথা গরম হয়ে গেছে। মাঘ মাসে মাথা গরম হলে চৈত্রে কী হবে—তা ভাবার বিষয়। যারা নতুন ফ্যাসিবাদী আচরণ করছে, তাদের দিয়ে বাংলাদেশ গড়া সম্ভব নয়।”

লাকসামে জামায়াতের জনসভা: ইনসাফ ও পরিবর্তনের পক্ষে সারা দেশে জন সাধারনের স্রোত—শফিকুর রহমান
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়াম মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের যুবকেরা রায়ের মাধ্যমে জানিয়ে দিয়েছে—তারা ইনসাফের সঙ্গে আছে। যারা সত্যিকার অর্থে সংস্কার চায়, জামায়াত তাদের সঙ্গেই থাকবে। তিনি অভিযোগ করেন, মায়েদের ইজ্জতের ওপর হাত দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “যারা নিজের মাকে সম্মান করতে পারে না, তারা অন্য মাকে সম্মান করতে পারে না। আমাদের জীবনের চেয়েও আমাদের মায়েদের ইজ্জতের মূল্য অনেক বেশি। কোথাও আমাদের মায়েদের সঙ্গে অশালীন আচরণ হলে আমরা কাউকে ছাড় দেব না।”
তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হবে। একটি সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট এবং আরেকটি পরিবর্তনের বাংলাদেশের পক্ষে ভোট। “হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি,”—উল্লেখ করে তিনি বলেন, ভোটকেন্দ্রে ঢুকে প্রথমেই শক্ত করে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। ‘হ্যাঁ’ জিতলে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না, দুর্নীতিবাজ ও চাঁদাবাজের কবর রচিত হবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীককে ইনসাফের ভোট হিসেবে উল্লেখ করেন জামায়াত আমির।
জনসভা শেষে তিনি কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে প্রার্থীর পরিচয় করিয়ে দেন।
১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছূম ও মাওলানা আব্দুল হালিম, ডাকসুর ভিপি সাদেক কাইয়ুম, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা-১০ আসনের ১১ দলীয় প্রার্থী ইয়াসির আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের নির্বাচনী জনসভা বাস্তবায়ন সমন্বয়ক ও কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, দাঁড়িপাল্লার প্রধান নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমির মু. জয়নাল আবেদীন পাটোয়ারীসহ স্থানীয় নেতাকর্মীরা।